জামায়াতের ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত

0
51

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দলটি।

বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ কারণে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ওই দিনের মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচার, হত্যাকারীদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ৩ জানুয়ারি রাজধানীতে মহাসমাবেশের ডাক দিয়েছিল জামায়াতে ইসলামী।

দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সমাবেশ সফল করার আহ্বান জানানো হয়েছিল। প্রথমে মহাসমাবেশের স্থান হিসেবে মানিক মিয়া অ্যাভিনিউ ঘোষণা করা হলেও পরে স্থান পরিবর্তন করে সোহরাওয়ার্দী উদ্যান নির্ধারণ করা হয়। তবে শেষ পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার কারণে সমাবেশটি স্থগিত করা হলো।