জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আরেক যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন পদত্যাগ করেছেন। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি দল ছাড়ার ঘোষণা দেন।
পোস্টে তাজনূভা জাবীন জানান, জোট গঠনের আনুষ্ঠানিক ঘোষণা আসার পর পদত্যাগ করার পরিকল্পনা ছিল তার। শেষ পর্যন্ত অপেক্ষা করলেও শনিবার তিনি নিশ্চিত হন যে জোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি লেখেন, তার পদত্যাগের কারণ শুধু জোট নয়, বরং যে প্রক্রিয়ায় জোট গঠিত হয়েছে সেটিই মূল সমস্যা। অবিশ্বাস ও অনাস্থাই তার সিদ্ধান্তের প্রধান কারণ বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও লেখেন, দল যদি আগে সাংগঠনিকভাবে বড় ও প্রতিষ্ঠিত হতো, তাহলে অনেক বিষয়ে ছাড় দেওয়ার সুযোগ থাকত। কিন্তু শুরুতেই সংসদে যাওয়ার লক্ষ্যকে অগ্রাধিকার দিয়ে কয়েকজন এমপিকে কেন্দ্র করে সংগঠন গড়ে তোলার চিন্তাকে তিনি ‘কিয়েক্টা অবস্থা’ বলে উল্লেখ করেন।
পদত্যাগের ঘোষণার সঙ্গে সঙ্গে তাজনূভা জাবীন জানান, অত্যন্ত ভাঙা মন নিয়ে তিনি জানাচ্ছেন যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি আর অংশ নিতে পারছেন না। তিনি বলেন, সবচেয়ে কষ্টের বিষয় হলো—তার নির্বাচন উপলক্ষে তার মা চট্টগ্রাম থেকে ঢাকায় আসছিলেন, অথচ ঠিক সেই দিনেই তাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। অনেকেই তার এই সিদ্ধান্তে কষ্ট পেয়েছেন জানিয়ে তিনি বলেন, ন্যূনতম আশা থাকলে হয়তো আত্মসম্মানবোধকেও ‘ডাউট অব বেনিফিট’ দিতেন, কিন্তু বর্তমান বাস্তবতায় সেটি সম্ভব হয়নি।
ভোটার ও সমর্থকদের উদ্দেশে তাজনূভা জাবীন জানান, যারা তাকে ডোনেশন পাঠিয়েছেন, তিনি প্রত্যেকের অর্থ একে একে ফেরত দেবেন। এজন্য কিছু সময় প্রয়োজন হবে উল্লেখ করে তিনি জানান, কীভাবে ধাপে ধাপে টাকা ফেরত দেওয়া হবে সে বিষয়ে শিগগিরই বিস্তারিত জানাবেন। তিনি স্পষ্ট করে বলেন, প্রতিটি পয়সা ফেরত দেওয়া হবে এবং সমর্থন ও ভালোবাসার জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞ।