স্ত্রীর মৃত্যুর দুই মাসের মাথায় সাংবাদিক আনছার হোসেনের ১৩ বছরের ছেলে রিতাজের মৃত্যু

0
67

স্ত্রীর শোক কাটিয়ে ওঠার আগেই এবার ১৩ বছর বয়সী ছোট ছেলে রিতাজ হোসেনকে হারালেন কক্সবাজারের সাংবাদিক আনছার হোসেন। মাত্র দুই মাস আগে তিনি স্ত্রীকে হারান। আনছার হোসেন দৈনিক আমার দেশ পত্রিকার কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার এবং সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাবেক সাধারণ সম্পাদক।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৮টা ৫৫ মিনিটে কক্সবাজার সদর হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা রিতাজকে মৃত ঘোষণা করেন। এর আগে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালের আইসিইউ থেকে তাকে কক্সবাজারে নেওয়ার পথে ছিলেন তার বাবা। শনিবার সকাল থেকেই রিতাজ ডিপ কোমায় চলে যায়।

শনিবার রাতেই ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সাংবাদিক আনছার হোসেন। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় জানাজা শেষে কক্সবাজার পৌরসভার উত্তর নুনিয়ারছড়া কবরস্থানে মায়ের কবরের পাশে রিতাজকে দাফন করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, আনছার হোসেনের দুই ছেলে রয়েছে। এর মধ্যে ছোট ছেলে রিতাজ ষষ্ঠ শ্রেণিতে ভর্তিচ্ছু ছাত্র ছিল। দুই মাস আগে তার মায়ের মৃত্যুর পর তাকে চট্টগ্রামে খালার বাসায় পাঠানো হয়। সেখানে একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া চলছিল।

গত ২৫ ডিসেম্বর ঠান্ডাজনিত কারণে রিতাজ অসুস্থ হয়ে পড়ে। পরদিন ২৬ ডিসেম্বর তাকে চট্টগ্রাম নগরীর ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা আইসিইউতে স্থানান্তর করেন। ২৭ ডিসেম্বর সকাল পর্যন্ত তার অবস্থার কোনো উন্নতি হয়নি। শনিবার সকাল থেকে সে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, অর্থাৎ ডিপ কোমায় চলে যায়।

আনছার হোসেন জানান, শনিবার বিকাল চারটায় অ্যাম্বুলেন্সে করে রিতাজকে চট্টগ্রাম থেকে কক্সবাজারে আনা হয়। সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকদের নির্দেশে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাংবাদিক পুত্র রিতাজ হোসেনের মৃত্যুতে কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী এবং সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী ও সাধারণ সম্পাদক এস এম জাফর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।