মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওয়াক্সাকায় যাত্রীবাহী একটি ট্রেন রেললাইন থেকে বিচ্যুত হয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত ১৩ জন যাত্রী নিহত এবং আরও কমপক্ষে ৯৮ জন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৮ ডিসেম্বর) রাজ্যের নিজান্দা শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। মেক্সিকোর নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার সময় ট্রেনটিতে ৯ জন ক্রু সদস্যসহ মোট ২৫০ জন যাত্রী ছিলেন।
দুর্ঘটনার পর উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। আহত ৯৮ জনের মধ্যে ৩৬ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ঝুঁকিমুক্ত রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মেক্সিকোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
রেলওয়ে বিভাগ ও রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রশাসনিক ও আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দেশটির অ্যাটর্নি জেনারেলের দপ্তর একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে।
দুর্ঘটনাকবলিত ট্রেনটি মেক্সিকোর গুরুত্বপূর্ণ ‘আন্তঃমহাসাগরীয় রেল’ প্রকল্পের অংশ। প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরের তীরবর্তী শহর ও বন্দরগুলোর মধ্যে দ্রুত যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ১৯৯৯ সালে এই রেল পরিষেবা চালু করা হয়। এর রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার দায়িত্ব নৌবাহিনীর ওপর ন্যস্ত।
২৫ বছরের ইতিহাসে এমন ভয়াবহ দুর্ঘটনা রেল অবকাঠামো ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। প্রাথমিকভাবে রেললাইনের যান্ত্রিক ত্রুটি না কি চালকের গাফিলতি—সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।