রেলওয়ের সম্পদ ক্ষতিসাধন থেকে বিরত থাকার আহ্বান রেলপথ মন্ত্রণালয়ের

0
35

রেলপথ, ইঞ্জিন, কোচ ও ওয়াগনসহ বাংলাদেশ রেলওয়ের নিয়ন্ত্রণাধীন সব সম্পদ রাষ্ট্রীয় মালিকানাধীন জাতীয় সম্পদ উল্লেখ করে এসবের ক্ষতিসাধন থেকে বিরত থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) রেজাউল করিম সিদ্দিকী এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ট্রেনে পাথর নিক্ষেপ, অযৌক্তিকভাবে রেললাইন অবরোধ এবং ইচ্ছাকৃতভাবে রেললাইনের ক্ষতিসাধনের মতো ঘটনা ঘটছে। এসব কারণে যাত্রীদের ভোগান্তি বাড়ছে, রেলওয়ে আর্থিক ক্ষতির মুখে পড়ছে এবং ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে।

রেলপথ মন্ত্রণালয় জানায়, যেহেতু রেল রাষ্ট্রীয় সম্পদ, তাই এর ক্ষয়ক্ষতি মানে সাধারণ জনগণেরই ক্ষতি। জাতীয় সম্পদ রক্ষার দায়িত্ব সব নাগরিকের নৈতিক ও পবিত্র দায়িত্ব বলে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজনৈতিক বা সামাজিক কর্মসূচির নামে বেআইনি উপায়ে রেলের ক্ষতিসাধনের চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে মানসম্মত যাত্রীসেবা নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ রেলওয়ে।