ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীর মধ্যে হওয়া নির্বাচনী সমঝোতার প্রভাব পড়তে শুরু করেছে মাঠপর্যায়ের প্রার্থিতায়। এর অংশ হিসেবে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম (শহিদ) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
এই আসনে এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। রোববার (২৮ ডিসেম্বর) ঢাকায় জামায়াতে ইসলামী ও সমমনা আটটি দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয় এনসিপি। ওই সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টার মধ্যেই কুমিল্লা-৪ আসনে এই সমঝোতার বাস্তব প্রতিফলন দেখা যায়।
জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি। কুমিল্লা-৪ আসনটি এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর নিজ এলাকা। এর আগে ২৩ ডিসেম্বর এনসিপির নেতা-কর্মীরা জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে হাসনাত আবদুল্লাহর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। একই সময়ে জামায়াতের পক্ষ থেকেও ওই আসনে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল।
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে রোববার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সাইফুল ইসলাম লেখেন, ‘আলহামদুলিল্লাহ। কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে নিজেকে আড়াল করে নিলাম। আল্লাহ যেন দ্বীন কায়েমের পথে আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করেন।’
পরে এ বিষয়ে তিনি বলেন, ‘সংগঠন থেকে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, আমি তা স্বাগত জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। আমাদের কর্মীদের ত্যাগের জন্য মহান রবের কাছে দোয়া করি। নির্বাচন থেকে সরে দাঁড়ালেও আমি দেবীদ্বারের মানুষের পাশে সব সময় থাকব।’
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনসিপি ও জামায়াতের এই সমঝোতার ফলে কুমিল্লা-৪ আসনে নির্বাচনী সমীকরণ নতুন মাত্রা পেয়েছে এবং আগামী দিনে অন্যান্য আসনেও এর প্রভাব পড়তে পারে।