ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির মনোনয়ন ঘোষণার পর থেকেই এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। মনোনয়ন বঞ্চিত নেতা এবি সিদ্দিকুর রহমান ও মো. মুশফিকুর রহমানের অনুসারীরা গত ২৭ ডিসেম্বর থেকে টানা বিক্ষোভ, হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করছেন।
এরই ধারাবাহিকতায় সোমবার (২৯ ডিসেম্বর) ভোরে তারাকান্দা থেকে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। দুর্বৃত্তরা গফরগাঁও এলাকায় প্রায় ২০–২৫ ফুট রেললাইনের পাত কেটে ফেলায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা–ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
গফরগাঁও রেলওয়ের উপসহকারী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে উদ্ধারকারী দুটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধারের কাজ শুরু করেছে।
এদিকে সোমবার দুপুরে মনোনয়ন বঞ্চিত নেতাদের অনুসারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে গফরগাঁও রেলস্টেশনে প্রবেশ করে টিকিট কাউন্টার ভাঙচুর করে। এ সময় বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুর সমর্থকেরা তাদের ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এই সংঘর্ষে মো. রবিউল ইসলাম ও মো. মকবুল হোসেন নামে দুই ব্যক্তি আহত হন। তাদের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী গ্রুপ টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ, হরতাল ও অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ায় সোমবারও কার্যত অচল হয়ে পড়ে গফরগাঁও। স্থানীয় সূত্র জানায়, বিক্ষুব্ধ নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পৌর শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে একপর্যায়ে রেলস্টেশনে গিয়ে ভাঙচুর চালায়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতীকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।