গফরগাঁওয়ে রেললাইন কেটে নাশকতা, অগ্নিবীণা এক্সপ্রেসের দু’টি বগি লাইনচ্যুত

0
29

ময়মনসিংহের গফরগাঁওয়ে দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলায় ঢাকাগামী ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) ভোর ৫টা ২০ মিনিটে গফরগাঁও রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, স্টেশনের আউটার সিগন্যাল সংলগ্ন মূল লাইনের এক পাশের প্রায় ২০ মিটার লোহার রেল কেটে ফেলা হয়। ওই কাটা অংশ দিয়ে ট্রেনটি অতিক্রম করার সময় বগি দু’টি লাইনচ্যুত হয়। ভোরের এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী যাত্রীদের ভাষ্য অনুযায়ী, তারাকান্দি থেকে ছেড়ে আসা ট্রেনটি আউটার সিগন্যাল পার হওয়ার সময় হঠাৎ তীব্র ঝাঁকুনি লাগে এবং বিকট শব্দে বগিগুলো লাইন থেকে ছিটকে পড়ে। ট্রেনের গতি তুলনামূলক কম থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে বলে তারা জানান।

দুর্ঘটনার ফলে ঢাকা–জয়দেবপুর–জামালপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। লাইনচ্যুত বগি দুটি লাইনের ওপর আড়াআড়িভাবে আটকে থাকায় আন্তঃনগর ও মেইল ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে আটকা পড়ে, এতে হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধার তৎপরতা শুরু করে। ঢাকা থেকে একটি রিলিফ ট্রেন পাঠানো হয়, যা সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে। রেলওয়ের প্রকৌশলী ও উদ্ধারকর্মীরা বগি সরানো এবং কাটা লাইনের মেরামতের কাজ চালিয়ে যাচ্ছেন।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। রেললাইনের প্রায় ২০ মিটার অংশ সুপরিকল্পিতভাবে কেটে ফেলার বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে এটিকে নাশকতামূলক কর্মকাণ্ড হিসেবে দেখা হচ্ছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত সংস্কার কাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে লাইনের পূর্ণ মেরামত শেষ হতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।