খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

0
45

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বেগম খালেদা জিয়ার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান।

মোদি তার বার্তায় বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তিনি গভীরভাবে শোকাহত। তিনি বেগম খালেদা জিয়ার পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং সর্বশক্তিমান সৃষ্টিকর্তা  যেন তাদের এই শোক সহ্য করার শক্তি দেন—এ কামনা করেন।

ভারতের প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশটির উন্নয়ন ও ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

খালেদা জিয়ার সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতের স্মৃতিও তুলে ধরেন নরেন্দ্র মোদি। তিনি লেখেন, ২০১৫ সালে ঢাকায় তার সঙ্গে হওয়া উষ্ণ সাক্ষাতের কথা তিনি আজও স্মরণ করেন। তিনি আশা প্রকাশ করেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন ও উত্তরাধিকার ভবিষ্যতেও দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিতে ভূমিকা রাখবে। শেষে তিনি বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করেন।

উল্লেখ্য, ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।