ঢাকা মহানগরে ৩ দিন আতশবাজি ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিষিদ্ধ

0
55

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামী ৩১ ডিসেম্বর (বুধবার) থেকে ২ জানুয়ারি (শুক্রবার) পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এই শোক পালনকে ঘিরে ঢাকা মহানগর এলাকায় বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে, শোককালীন সময়ে মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‍্যালি বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না। এছাড়া উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে—এমন সব কর্মকাণ্ড থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এসব নির্দেশনার কথা জানানো হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান নগরবাসীর প্রতি এসব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানান এবং সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘ ৩৮ দিন ধরে তিনি লিভার সিরোসিস, হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় সিসিইউতে নিবিড় চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।