সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে বিপিএল ম্যাচ স্থগিত, দর্শকদের ক্ষোভ

0
31

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজকের দুটি ম্যাচ স্থগিত ঘোষণা করেছে। তবে বোর্ডের এই আকস্মিক সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ওঠেন খেলা দেখতে মাঠে আসা দর্শকদের একাংশ। তারা স্টেডিয়ামের মূল প্রবেশপথে অবস্থান নিয়ে বিসিবির বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং খেলা মাঠে গড়ানোর দাবি জানান।

সমর্থকদের বক্তব্য, তারা দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন এবং খেলা দেখতে এসে অর্থ ও সময় দুটোই ব্যয় করেছেন। তাই খেলা না দেখে তারা মাঠ ছেড়ে যেতে নারাজ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিনের প্রথম ম্যাচটি দুপুর ১টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বিসিবি তার প্রায় দুই ঘণ্টা আগেই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে খেলা স্থগিতের ঘোষণা দেয়। দুপুর ১২টা থেকেই স্টেডিয়ামের সামনে দর্শকরা জড়ো হতে শুরু করেন। খেলা স্থগিতের খবর জানতে পেরে অনেকে হতাশ হয়ে ফিরে গেলেও ক্ষুব্ধ সমর্থকদের একটি অংশ স্টেডিয়ামের প্রধান ফটকে অবস্থান নেয়।

এ সময় তারা “বিসিবি ভুয়া, খেলা চাই, দিতে হবে,” “অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন” এবং “নারায়ে তাকবির, আল্লাহু আকবর” সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। কুমিল্লা থেকে আসা এক সমর্থক তার হতাশা প্রকাশ করে বলেন, “আমরা দুই ভাই কুমিল্লা থেকে খেলা দেখতে এসেছি। আমাদের অর্থ আর সময়ের কোনো দাম নেই তাদের কাছে? আমাকে খেলা দেখতে দিতে হবে। আর খেলা বাতিল হলে আমার যাতায়াতের অর্থও দিতে হবে।”

এদিকে, প্রবেশপথের অন্য পাশে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। শুরুতে তাদের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ দেখা না গেলেও, দুপুর দেড়টার দিকে সমর্থকরা স্টেডিয়ামের ফটকে ধাক্কা মারা শুরু করলে পরিস্থিতি পাল্টে যায়। এরপর পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনীর সমন্বিত দল এসে তাদের প্রতিহত করে। ফটক খুলে দিয়ে যৌথ বাহিনী ধাওয়া করলে সমর্থকরা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় মাইকে তাদের স্টেডিয়াম এলাকা ত্যাগ করার নির্দেশনা দেওয়া হয় এবং ধীরে ধীরে জটলা সরে যায়।

অন্যদিকে, স্থগিত হওয়া ম্যাচ দুটি নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিসিবি। বিপিএলের গভর্নিং কাউন্সিলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে খেলাগুলো আগামীকাল আয়োজন করার চিন্তা করা হয়েছিল। তবে সেক্ষেত্রেও কিছু জটিলতা রয়েছে। বেগম জিয়ার জানাজা ও দাফন আগামীকাল হওয়ায় শোকের দিনে খেলা আয়োজন করা নিয়ে বিসিবি সন্দিহান। আবার, আগামীকাল খেলা রাখলে রংপুর ও ঢাকার খেলোয়াড়দের পরপর তিন দিন খেলতে হবে, যা তাদের ওপর অতিরিক্ত ওয়ার্কলোড চাপিয়ে দেবে।

বোর্ডের কাছে আপাতত সবচেয়ে ভালো বিকল্প হলো ম্যাচ দুটি ঢাকায় সরিয়ে নেওয়া। কিন্তু সেক্ষেত্রে সিলেটের দর্শকদের রোষানলে পড়ার আশঙ্কা করছে বিসিবি। সব পরিস্থিতি বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে একটু সময় লাগছে। তবে বোর্ড নিশ্চিত করেছে যে, খেলা যদি সিলেটের বাইরে অনুষ্ঠিত হয়, তবে আজকের ম্যাচের টিকিটের অর্থ সমর্থকদেরকে বিনা শর্তে ফেরত দেওয়া হবে।