খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন ফেসবুক পোস্ট তারেক রহমানের

0
61

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আবেগঘন ফেসবুক পোস্ট দিয়েছেন তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, “আমার মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”

তিনি লেখেন, অনেকের কাছে খালেদা জিয়া ছিলেন দেশনেত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা ও বাংলাদেশের মা। আজ জাতি গভীর শোকের মধ্যে এমন এক পথপ্রদর্শককে হারিয়েছে, যিনি বাংলাদেশের গণতান্ত্রিক পথচলায় অনিঃশেষ ভূমিকা রেখে গেছেন।

তারেক রহমান আরও লেখেন, “আমার কাছে তিনি একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন দেশ ও মানুষের জন্য উৎসর্গ করেছেন। আজীবন তিনি স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।”

পোস্টে তিনি উল্লেখ করেন, ত্যাগ ও সংগ্রামের মধ্যেও খালেদা জিয়া ছিলেন পরিবারের প্রকৃত অভিভাবক ও আলোকবর্তিকা। বারবার গ্রেপ্তার, চিকিৎসা থেকে বঞ্চিত হওয়া এবং চরম নিপীড়নের শিকার হয়েও তিনি অদম্য সাহস, সহানুভূতি ও দেশপ্রেমের দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তিনি লেখেন, “দেশের জন্য তিনি হারিয়েছেন স্বামী, হারিয়েছেন সন্তান। তাই এই দেশ ও দেশের মানুষই ছিল তাঁর পরিবার। তিনি রেখে গেছেন জনসেবা, ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস, যা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

সবশেষে তারেক রহমান দেশবাসীর কাছে তার মায়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া চান এবং খালেদা জিয়ার প্রতি দেশবাসী ও বিশ্বব্যাপী যে ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ পেয়েছে, তার জন্য পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।