খালেদা জিয়ার মৃত্যু: ৩১ ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা, দাফন জিয়া উদ্যানে

0
29

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার গণমাধ্যমকে জানিয়েছেন, সদ্যপ্রয়াত নেত্রীর জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে।

জানাজার পর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে তার স্বামী এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হতে পারে বলে সালাহউদ্দিন আহমদ জানান।

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, “বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায়, ফজরের নামাজের ঠিক পরে ইন্তেকাল করেছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং সবার কাছে দোয়া চাইছি।”

এদিকে, দলের চেয়ারপারসনের মৃত্যুতে বিএনপি ৭ দিনব্যাপী শোক দিবস পালনের কর্মসূচি ঘোষণা করেছে।