আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনে নিবন্ধিত ৫৯টি দলের মধ্যে ৫১টি দল অংশ নিলেও ৮টি নিবন্ধিত দল নির্বাচন থেকে বিরত থাকছে। মঙ্গলবার নির্বাচন ভবনে ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
কমিশন জানায়, নির্বাচনে অংশ নিতে ৫১টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে মোট ২ হাজার ৫৭০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন, যদিও মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল ৩ হাজার ৩০৭টি। তবে মনোনয়নপত্র দাখিলের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও ঠিক কোন কোন দল মনোনয়ন জমা দিয়েছে, সে বিষয়ে বিস্তারিত তালিকা প্রকাশ করতে পারেনি কমিশন।
ইসির তথ্যানুযায়ী, বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে এবং পিডিপি, ফ্রিডম পার্টি ও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল করা হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আজ ৩০ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে। এরপর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে, যা নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে।
নির্বাচনী সময়সূচি অনুসারে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক পাওয়ার পর ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা প্রচারণা শুরু করতে পারবেন, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। সবশেষে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে কাঙ্ক্ষিত ভোট গ্রহণ।