খালেদা জিয়া ছিলেন জাতির কঠিন সময়ে আশার আলো: প্রেস সচিব

0
39

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতির সবচেয়ে কঠিন সময়ে আশার আলো হয়ে উঠেছিলেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শফিকুল আলম লেখেন, বেগম খালেদা জিয়া ছিলেন সব নেতার মধ্যে সবচেয়ে করুণাময়, প্রতিরোধের প্রতীক এবং সর্বোচ্চ পর্যায়ের একজন দেশপ্রেমিক। তিনি শেষ পর্যন্ত একজন যোদ্ধা হিসেবে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন এবং জাতির জন্য আশার আলো হয়ে উঠেছিলেন।

সাবেক এই প্রধানমন্ত্রীর অবদান স্মরণ করে প্রেস সচিব আরও লেখেন, আজীবন সংগ্রামের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রকৃত চেতনাকে সংজ্ঞায়িত করেছেন। ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে তিনি অনেকের কাছে নায়ক ও অনুপ্রেরণার উৎস ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

শোকবার্তার শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শফিকুল আলম লেখেন, বেগম খালেদা জিয়া শান্তিতে ঘুমান এবং মহান আল্লাহ তাকে জান্নাতের সর্বোত্তম স্থানে স্থান দিন।