সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি সর্বোচ্চ সম্মান ও মর্যাদা প্রদর্শনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, শোকের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত থাকবে এবং রাষ্ট্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পরবর্তী কার্যক্রম ঘোষণা করা হবে।
শোক কর্মসূচির মধ্যে রয়েছে বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মকে স্মরণে একাডেমিক সেমিনার এবং বিভিন্ন স্মরণসভা। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়া, হল, হোস্টেল ও আবাসিক এলাকার মসজিদে কোরআনখানি, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বুধবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিতব্য বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পর্যাপ্ত বিশেষ পরিবহন ব্যবস্থা করা হয়েছে।