খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক শুরু: আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

0
58

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক আজ বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে, যা চলবে আগামী শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত।

মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণের পর মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে অন্তর্বর্তীকালীন সরকার তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীকে ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপসহীন নেত্রী’ হিসেবে উল্লেখ করে তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

শোক পালনের অংশ হিসেবে ঘোষিত এই তিন দিন বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। পাশাপাশি, আগামী শুক্রবার জুমার নামাজের পর দেশের সব মসজিদে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, আজ বুধবার বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, জানাজা শেষে তাকে তার স্বামী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর দীর্ঘ ৩৭ দিনের লড়াই শেষে মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের এই প্রবীণ রাজনীতিবিদ।