আজ দুপুর ২টায় খালেদা জিয়ার নামাজে জানাজা, দাফন হবে জিয়া উদ্যানে

0
53

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে এ জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব খালেদা জিয়ার নামাজে জানাজা পড়াবেন। জানাজা ও দাফন কর্মসূচির সার্বিক তদারকির দায়িত্ব পালন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

জানাজা শেষে সাবেক এই প্রধানমন্ত্রীকে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে বলে জানান বিএনপি মহাসচিব।

এ সময় তিনি দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে জানাজায় অংশগ্রহণ করার অনুরোধ জানান।

উল্লেখ্য, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।