বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে রাজধানীতে মানুষের ঢল নেমেছে। অতিরিক্ত জনসমাগমের কারণে কারওয়ানবাজার এলাকা থেকেই যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে বহু মানুষ হেঁটেই জানাজাস্থলের দিকে রওনা হচ্ছেন।
বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার পর থেকে কারওয়ানবাজারের দিক থেকে মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যান চলাচল সীমিত থাকায় অনেক মানুষ হেঁটে জানাজাস্থলের দিকে যাচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, কারওয়ানবাজার, সোনারগাঁও হোটেলের গোলচত্বর ও তেজগাঁও রেলগেট এলাকায় বেলা ১১টার পর যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। জানাজায় অংশ নিতে আসা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে ফার্মগেট হয়ে হেঁটে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে যেতে দেখা গেছে।
এদিকে জানাজা সুষ্ঠুভাবে সম্পন্নের স্বার্থে মিরপুর সড়ক ব্যবহার করে কোনো গাড়িকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে না যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এক বার্তায় এ নির্দেশনা জানানো হয়।
খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, এপিবিএন, র্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে। সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ হাজারেরও বেশি সদস্য দায়িত্ব পালন করছেন।
পুরো মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা এসএসএফ-এর নিয়ন্ত্রণে রাখা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নজরদারি চলছে। জানাজা উপলক্ষে আসাদগেট এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে এবং ওই পথে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
উল্লেখ্য, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আজ বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে।