খালেদা জিয়ার জানাজা উপলক্ষে ইনকিলাব মঞ্চের কর্মসূচি স্থগিত

0
29

শহীদ মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের চলমান ‘স্যালুটিং আওয়ার কালচারাল হিরো’ কর্মসূচি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে স্থগিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সংগঠনটির পক্ষ থেকে সবাইকে জানাজায় অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এর আগে শহীদ মুখপাত্র শরিফ ওসমান হাদির স্মরণে মঙ্গলবার থেকে ইনকিলাব মঞ্চের উদ্যোগে ‘স্যালুটিং আওয়ার কালচারাল হিরো’ কর্মসূচি শুরু হয়। কর্মসূচির আওতায় গান, কবিতা, গল্প, প্রামাণ্যচিত্র, অ্যানিমেশন, আবৃত্তি, চিত্রাঙ্কন, টাইপোগ্রাফি, ক্যালিগ্রাফি ও স্মৃতিচারণের আয়োজন করা হয়।

ইনকিলাব মঞ্চ জানায়, বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে সংগঠনটির সব কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং সর্বস্তরের মানুষকে জানাজায় অংশ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।