খালেদা জিয়ার জানাজা ঘিরে ডিএমপির নির্দেশনা

0
76
Transfer of 3 officials of DMP

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আজ বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর দুপুর ২টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে তার কফিন রাখা হবে। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিশেষ ট্রাফিক ও নিরাপত্তা নির্দেশনা জারি করেছে। মঙ্গলবার রাতে ডিএমপির পক্ষ থেকে এ–সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, অতিরিক্ত জনসমাগমের সম্ভাবনার কারণে বুধবার সকাল ৭টা থেকে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ, সীমিত ও ডাইভারশন কার্যকর থাকবে।

গণবিজ্ঞপ্তি অনুযায়ী, এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট (ইন্দিরা রোড) নামার র‍্যাম্প বন্ধ থাকবে। সোনারগাঁও মোড় থেকে ফার্মগেট এবং বিজয় সরণী এলাকায় সীমিত আকারে যান চলাচল চালু থাকবে। এ সময় কাজী নজরুল ইসলাম এভিনিউ পরিহার করার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের গুরুত্বপূর্ণ কয়েকটি ক্রসিং—ফার্মগেট পুলিশ বক্স, ফার্মগেট ইন্দিরা রোড, বিজয় সরণী, উড়োজাহাজ মোড়, আসাদগেট, রাপা প্লাজা ও গণভবন ক্রসিং—এ যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

মিরপুর, বনানী, মহাখালী, গুলশান ও বিমানবন্দরমুখী যানবাহনের জন্য বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে পরিস্থিতি অনুযায়ী পান্থপথ, সোনারগাঁও হোটেল এলাকা, ধানমন্ডি ৩২ নম্বর ও সায়েন্সল্যাব এলাকায় যানবাহন ডাইভারশন দেওয়া হবে।

পার্কিং ব্যবস্থাপনার বিষয়ে ডিএমপি জানায়, ঢাকার ভেতরের যানবাহনের জন্য পুরাতন বাণিজ্য মেলার মাঠ পার্কিংয়ের জন্য নির্ধারণ করা হয়েছে। ঢাকার বাইরে থেকে আগত বাস ও অন্যান্য যানবাহনের জন্য মতিঝিল বাণিজ্যিক এলাকা, শাহবাগ থানা এলাকা, উত্তরা ১৭ নম্বর সেক্টরের বৌ বাজার এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ের ৩০০ ফিট সার্ভিস রোড ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএমপি রাজধানীবাসীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে এবং অনাকাঙ্ক্ষিত ভোগান্তি এড়াতে নির্ধারিত নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে।