খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

0
20

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সফরকালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ভারতের পক্ষ থেকে শোকবার্তা হস্তান্তর করেছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এস জয়শঙ্কর। এ সময় তিনি ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে পাঠানো শোকবার্তা তারেক রহমানের হাতে তুলে দেন। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফেসবুক পোস্টে বলা হয়, ‘গণতন্ত্রের মা’, ‘সাহস ও সংগ্রামের প্রতীক’ এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারাবদ্ধ আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। এই শোকবার্তা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করতে বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে উপস্থিত হন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

এর আগে বুধবার দুপুর ১১টা ৫৫ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান জয়শঙ্কর। সফরসূচি অনুযায়ী, আজ বিকেলেই তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও গভীর শোক প্রকাশ করেছেন এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন।