সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবদ্দশায় তাঁর কোনো কথা বা ব্যবহারে কেউ কষ্ট পেয়ে থাকলে সে জন্য পরিবারের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেছেন তাঁর বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি মায়ের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজার আগমুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।
তিনি বলেন, “আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। এখানে উপস্থিত ভাই-বোনদের উদ্দেশে বলতে চাই—আমার মা জীবিত থাকাকালে যদি আপনাদের কারও কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, তাহলে দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ইনশা আল্লাহ, সেই ঋণ পরিশোধের ব্যবস্থা করা হবে।”
তিনি আরও বলেন, “আমার মায়ের কোনো ব্যবহার বা কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে তাঁর পক্ষ থেকে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। দোয়া করবেন, আল্লাহ তায়ালা যেন তাঁকে বেহেশত নসিব করেন।”
এরপর বিকেল ৩টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা শুরু হয়। জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক।
জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ বিভিন্ন বাহিনীর প্রধান, সব রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ লাখো সাধারণ মানুষ।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি বিএনপি সাত দিনের শোক কর্মসূচি পালন করছে।