লোকসংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার দ্বিতীয় সংসারেও বিচ্ছেদ হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তার স্বামী আইনজীবী সানাউল্লাহ নূর সাগর।
ফেসবুক পোস্টে সানাউল্লাহ নূর লেখেন, কণ্ঠশিল্পী সালমার সঙ্গে তার দাম্পত্য জীবনের আনুষ্ঠানিক ইতি ঘটেছে এবং তাদের মধ্যে ডিভোর্স সম্পন্ন হয়েছে। তিনি জানান, পারস্পরিক মতের অমিল, চিন্তাধারা ও মানসিক দূরত্বই বিচ্ছেদের মূল কারণ। পারস্পরিক সম্মান ও মর্যাদা বজায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করে বিষয়টি নিয়ে কোনো ধরনের নেতিবাচক মন্তব্য না করার জন্য সবার প্রতি অনুরোধ জানান তিনি।
একই পোস্টে তাদের একমাত্র কন্যাসন্তানের প্রসঙ্গ তুলে ধরে সানাউল্লাহ নূর লেখেন, দাম্পত্য সম্পর্কের অবসান হলেও সন্তানের মাতা হিসেবে সালমা আজীবন তার কাছে সম্মান ও মর্যাদার আসনে থাকবেন। পাশাপাশি জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পারিবারিক আয়োজনে আইনজীবী সানাউল্লাহ নূর সাগরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মৌসুমী আক্তার সালমা। প্রথম সংসারের বিচ্ছেদের সাড়ে তিন বছর পর তিনি দ্বিতীয়বার বিয়ে করেন। পরের বছরের জানুয়ারিতে সাংবাদিকদের সঙ্গে স্বামীকে পরিচয় করিয়ে দেন এই শিল্পী। প্রায় সাত বছর পর সেই সংসারেরও বিচ্ছেদের খবর প্রকাশ্যে এলো।
এর আগে ২০১১ সালে তিনি রাজনীতিবিদ শিবলী সাদিককে বিয়ে করেন। ২০১৬ সালের ২০ নভেম্বর তাদের সংসারের বিচ্ছেদ ঘটে। প্রথম সংসারে ‘স্নেহা’ নামে সালমার একটি কন্যাসন্তান রয়েছে।