অভিনয়ে অভিষেক মিস আর্থ মেঘনা আলমের

0
40

হঠাৎ করেই দেশীয় ও আন্তর্জাতিক সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেওয়া মিস আর্থ বাংলাদেশ মেঘনা আলম এবার অভিনয়ে নাম লিখিয়েছেন। ফরিদুল হাসানের পরিচালনায় বৈশাখী টিভিতে প্রচারিত ধারাবাহিক নাটক ‘মহল্লা’–তে রহস্যময় একটি চরিত্রে দেখা যাবে তাকে। নির্মাতা জানান, একটি নির্দিষ্ট মিশন নিয়েই গল্পে তার আগমন, আর সেই মিশন শেষ হলেই চরিত্রটির বিদায়।

নাটকে প্রথম দৃশ্যেই অভিনেতা রকি খানের সঙ্গে ধাক্কা লাগার মাধ্যমে মেঘনা আলমের পর্দায় উপস্থিতি ঘটে, যা একটি মজার মুহূর্ত তৈরি করে। ‘মহল্লা’ নাটকের ২৭তম পর্বে তাকে দেখা যাবে, যা প্রচারিত হবে ৩ জানুয়ারি, শনিবার রাত ৮টা ৪০ মিনিটে।

অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে মেঘনা আলম বলেন, মিস আর্থ হওয়ার আগে তার কোনো মিডিয়া বা বিনোদন জগতের কাজের অভিজ্ঞতা ছিল না। সে সময় তিনি নেতৃত্ব ও রাজনীতি বিষয়ে প্রশিক্ষক হিসেবে কাজ করতেন। তবে শৈশব থেকেই তার স্বপ্ন ছিল একদিন মুকুট পরে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার, যা তিনি পূরণ করেছেন। এবার অভিনয়েও যুক্ত হওয়াটা তার জন্য নতুন ও উপভোগ্য অভিজ্ঞতা বলে জানান তিনি।

নিজেকে পর্দায় অভিনেত্রী হিসেবে দেখার উচ্ছ্বাস প্রকাশ করে মেঘনা বলেন, এখন আর কেউ তাকে অভিনেত্রী বললে সংশোধন করতে হবে না বা উইকিপিডিয়ার তথ্য ভুল মনে হবে না—তিনি সত্যিই এখন একজন অভিনেত্রী।

উল্লেখ্য, মেঘনা আলম বর্তমানে পরিবেশ আন্দোলন ও কৃষিবিষয়ক নানা সেমিনার ও সিম্পোজিয়ামে সক্রিয় রয়েছেন। পাশাপাশি তিনি একজন রাজনৈতিক প্রশিক্ষক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসন থেকে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবেও নির্বাচন করছেন তিনি।