মুন্সীগঞ্জ–৩ আসনে বিএনপি নেতাসহ চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

0
41

মুন্সীগঞ্জ–৩ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিনসহ চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী এ সিদ্ধান্তের কথা জানান।

এ সময় জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিনসহ বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান এবং অন্যান্য প্রার্থীদের মধ্যে মোট নয়জন উপস্থিত ছিলেন। যাচাই–বাছাই শেষে যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন—বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী শ ম কামাল, লেবার পার্টির আনিস মোল্লা, খেলাফত মজলিসের নূর হোসেন নূরানী এবং জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন।

মনোনয়নপত্র বাতিলের প্রতিক্রিয়ায় মহিউদ্দিন বলেন, এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করবেন এবং আশা প্রকাশ করেন যে, তার প্রার্থিতা পুনরায় ফিরে পাবেন।

এর আগে বৃহস্পতিবার মুন্সীগঞ্জ–১ সংসদীয় আসনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এক শতাংশ সমর্থনকারী ভোটারের স্বাক্ষরে গরমিল পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাতিল হওয়া প্রার্থীরা হলেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক সম্পাদক মীর সরফত আলী সপু এবং জেলা কমিটির সদস্য মমিন আলী।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যাচাই–বাছাইয়ের সময় দাখিল করা মনোনয়নপত্রে সমর্থনকারী ভোটারদের স্বাক্ষরের সঙ্গে ভোটার তালিকাভুক্ত তথ্যের অসামঞ্জস্যতা পাওয়া যাওয়ায় মনোনয়নপত্রগুলো বাতিল করা হয়।