র‍্যাবের অভিযানে মিরপুর থেকে ২ বিদেশি অস্ত্র ও গুলিসহ ৩ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

0
58

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে রাজধানীর মিরপুর থেকে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র এবং ১১ রাউন্ড তাজা গুলিসহ তিন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুরে র‍্যাব-৪ এর সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্কোয়াড্রন লিডার নাজমুল ইসলাম এই তথ্য জানান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে পরিচালিত এই অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন: ফাইজুর রহমান ওরফে ডন মুক্তি (৫৫), শাকির আহম্মেদ ওরফে হকি সুমন (৪৫), গোলাম মোস্তাফা কামাল ওরফে সুটার বাপ্পি (৪৫)।

র‍্যাব জানায়, রাজধানীর মিরপুরের শাহ আলী থানাধীন গোড়ার চটবাড়ি বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে এই তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পল্লবী থানাধীন লালমাটি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি রিভলবার, ১টি ম্যাগজিন এবং ১১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা এই অস্ত্র ব্যবহার করে মিরপুর, পল্লবী, রূপনগর ও শাহ আলী থানাসহ আশপাশের এলাকায় ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। একই অভিযানে তাদের সহযোগী কুখ্যাত মাদক ব্যবসায়ী বাবু ওরফে পিচ্চি বাবু (৩৮)-কেও ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে গত বছরের ২৯ ডিসেম্বর র‍্যাব-৪ একই এলাকার আরেক শীর্ষ সন্ত্রাসী মো. সজিব ইসলাম ওরফে ভাগিনা সজিব (২২)-কেও অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছিল।