জনশৃঙ্খলা ভঙ্গ এবং সরকারি সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগে ইরানে ৩০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতভর পুলিশ, নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দাদের যৌথ অভিযানে তাদের আটক করা হয় বলে জানিয়েছে দেশটির বার্তাসংস্থা তাসনিম নিউজ।
দারিদ্র্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত ২৯ ডিসেম্বর রোববার থেকে ইরানে শুরু হওয়া বিক্ষোভে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত ৬ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। নিহতদের মধ্যে পাঁচজন বিক্ষোভকারী এবং একজন আধাসামরিক বাহিনী বাসিজের সদস্য। আহতদের মধ্যে ১৩ জনই পুলিশ ও বাসিজের সদস্য, যারা বিক্ষোভকারীদের ছোড়া ইট-পাটকেলে আহত হয়েছেন।
বিশ্বের অন্যতম দুর্বল মুদ্রা ইরানি রিয়ালের মান সম্প্রতি ডলারসহ অন্যান্য বৈশ্বিক মুদ্রার বিপরীতে আরও কমে গেছে। দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও মুদ্রার ক্রমাগত অবমূল্যায়নের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে চাপে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতেও হিমসিম খাচ্ছেন তারা।
এই পরিস্থিতিতে অর্থনৈতিক স্থবিরতা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ২৯ ডিসেম্বর তেহরানের দোকানমালিকরা ধর্মঘটের ডাক দেন। সেদিন রাজধানীর অধিকাংশ দোকানপাট, বাজার ও শপিং কমপ্লেক্স বন্ধ ছিল। ব্যবসায়ীদের এই ধর্মঘটে সাধারণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়েই বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
নিহত ও আহতরা ইরানের লোর্দেগান, আজনা ও পশ্চিমাঞ্চলীয় শহর কৌদাশতের বাসিন্দা। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, নিহতদের মধ্যে দুইজন লোর্দেগান, তিনজন আজনা এবং একজন কৌদাশতের বাসিন্দা। এ ছাড়া লোর্দেগানের একটি পুলিশ স্টেশনে বিক্ষোভকারীদের হামলার ঘটনায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়, এতে ১৩ জন পুলিশ সদস্য ও চারজন বিক্ষোভকারী আহত হন।