ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সংঘর্ষ, আহত অন্তত ১০

0
45

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে যাত্রীবাহী বাস, কাভার্ডভ্যান, পিকআপ ও প্রাইভেটকারের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস এক্সপ্রেসওয়ের বন্দরখোলা এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে সামনে থাকা ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এরপর পেছন দিক থেকে দ্রুত আসা একটি পিকআপ এবং একটি প্রাইভেটকার দুর্ঘটনাকবলিত গাড়ি দুটির সঙ্গে পর পর ধাক্কা লাগে। এতে বাসে থাকা কমপক্ষে ১০ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো জব্দ করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণে প্রায় ৩০ মিনিট সড়কে যান চলাচল বন্ধ ছিল।