লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবির অধীন ফুলবাড়ী সীমান্তে গংগাহাট বর্ডার আউটপোস্টে (বিওপি) দায়িত্ব পালনরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। বিজিবি ধারণা করছে, ওই সদস্য নিজের রাইফেল ব্যবহার করে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) স্থানীয় সময় রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে গংগারহাট বিওপিতে এই ঘটনা ঘটে। নিহত বিজিবি সদস্যের নাম সিপাহী মো. নাসির উদ্দিন (ব্যাটালিয়ন নম্বর ১১৪৬০৪)।
বিজিবি সূত্র জানায়, সিপাহী নাসির উদ্দিন টহলের উদ্দেশে অস্ত্র নিয়ে সৈনিক লাইনের পেছনে এমটি গ্যারেজের পাশে যান। টহল পার্টি যখন ফল-ইন অবস্থায় ছিল, ঠিক তখনই হঠাৎ গুলির শব্দ শোনা যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে এমটি গ্যারেজের পেছনে নাসির উদ্দিনকে তাঁর বুকে গুলির ছিদ্রসহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে বিওপির একটি কক্ষে নিয়ে যান এবং পরে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানে ভর্তি অবস্থায় তিনি মারা যান।
বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আত্মহত্যার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে এবং এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।