ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে আগামী ৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেয় এবং সেখানে সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়।
অবরোধ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে সরকারের দেওয়া বক্তব্য বিভ্রান্তিকর এবং তা তারা বিশ্বাস করেন না। তার দাবি, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভারতীয় সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ার কারণেই ওসমান হাদিকে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, ঘটনার ২১ দিন পার হলেও সরকার এখনো প্রকৃত খুনিদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পারেনি, যা সরকারের সদিচ্ছার অভাবের প্রমাণ। সরকার আগামী ৭ জানুয়ারি চার্জশিট দেওয়ার কথা বললেও যদি শুধু ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়, তাহলে তা গ্রহণযোগ্য হবে না বলেও তিনি উল্লেখ করেন।
আব্দুল্লাহ আল জাবের আরও বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় এনে চার্জশিট দিতে হবে। অন্যথায় ৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলন শুরু করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।