খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন পরিবারের সদস্যরা

0
37

সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেছেন তার নাতনি জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা। শুক্রবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর জিয়া উদ্যানে তারা এই জিয়ারত করেন।

সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের প্রায় ২০ জন সদস্যকে সঙ্গে নিয়ে জাইমা রহমান জিয়া উদ্যানে পৌঁছান। সেখানে তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে মোনাজাতে অংশ নেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। জিয়ারত শেষে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে পরিবারের সদস্যরা জিয়া উদ্যান ত্যাগ করেন।

এ সময় পরিবারের সদস্যদের শান্ত ও স্থির থাকতে দেখা যায়। জাইমা রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা।

উল্লেখ্য, গত মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। পরদিন বুধবার মানিক মিয়া এভিনিউতে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই দাফন করা হয়।