ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানাসহ সব প্রার্থীর মনোনয়ন বৈধ

0
46

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানাসহ সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান এ সিদ্ধান্ত জানান। এ আসনে দাখিল করা মোট ১১ জন প্রার্থীর মনোনয়নপত্রই যাচাই-বাছাইয়ে বৈধ বলে ঘোষণা করা হয়।

মনোনয়ন বৈধ ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, দলের দুঃসময়ে বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন এবং তিনি যখন যে দায়িত্ব দিয়েছেন, তা অনেক সময় তার বয়স ও রাজনৈতিক অভিজ্ঞতার চেয়েও বড় ছিল। তবুও সেই দায়িত্ব তিনি সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করেছেন।

রুমিন ফারহানা বলেন, মনোনয়ন না পাওয়ায় দলের প্রতি তার কোনো কষ্ট বা ক্ষোভ নেই। ২০১৮ সালের নির্বাচনের পর ২০১৯ সাল থেকে সংসদে যুক্ত হয়ে প্রতিকূল পরিবেশেও তিনি যে ভূমিকা পালন করেছেন, তা জাতি জানে। দল যখন ২০২২ সালের ডিসেম্বরে তাকে পদত্যাগ করতে বলেছে, তখন এক মুহূর্ত দেরি না করে দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি পদত্যাগ করেছেন।

তিনি আরও বলেন, দল যদি মনে করে নতুন নেতৃত্ব প্রয়োজন, তাহলে তিনি তা স্বাগত জানান। কেউ যদি মনে করে তার আর সেবার প্রয়োজন নেই, তাতেও তার কোনো অভিযোগ নেই। তবে সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগর এলাকার মানুষের সেবা করাই তার মূল লক্ষ্য।

নিজের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, তিনি তার রাজনীতি চালিয়ে যাবেন। পাশাপাশি কিছু এলাকায় তার কর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকির কথা উল্লেখ করে তিনি জানান, এমন কিছু ঘটলে তিনি প্রশাসনকে অবহিত করবেন। যদি কোনো ঘটনা তার নির্বাচন বা নেতাকর্মীদের নিরাপত্তায় প্রভাব ফেলে, সে ক্ষেত্রে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন।