৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)–২০২৬ এর আসর শুরু হচ্ছে আজ শনিবার (৩ জানুয়ারি)। বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)–এর যৌথ উদ্যোগে সকাল ১০টায় পূর্বাচলের বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হবে।
ইপিবি জানায়, এবারের মেলায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনায় বিভিন্ন ক্যাটাগরির স্টল ও প্যাভিলিয়ন অনলাইনের মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়েছে। দর্শনার্থীরা অন-স্পট টিকিট কেনার পাশাপাশি অনলাইনে টিকিট সংগ্রহ করে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে সহজেই মেলায় প্রবেশ করতে পারবেন।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, দর্শনার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি কনসেশনাল রেটে ‘পাঠাও’ সার্ভিস যুক্ত করা হয়েছে, যাতে পূর্বাচলে মেলায় পৌঁছানো আরও সহজ হয়।
উল্লেখ্য, মেলাটি মূলত ১ জানুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে উদ্বোধনী অনুষ্ঠান পিছিয়ে ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়।