পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

0
46

পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শুক্রবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্র নাথ রায় জানান, বর্তমানে পঞ্চগড়ের তাপমাত্রা মৃদু শৈত্যপ্রবাহের পর্যায়ে রয়েছে। জানুয়ারির মাঝামাঝি সময়ে তাপমাত্রা আরও কমে মাঝারি শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

শৈত্যপ্রবাহের প্রভাবে রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে পুরো এলাকা। এর সঙ্গে উত্তরের হিমেল হাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন জেলার বাসিন্দারা। বিশেষ করে সকালে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষদের কষ্ট বেশি হচ্ছে। অনেকেই অতিরিক্ত শীতবস্ত্র গায়ে জড়িয়ে কাজ চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন।

পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বলেন, শীত মৌসুমে জেলা প্রশাসনের প্রধান লক্ষ্য শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো। এ লক্ষ্যে নিয়মিত কার্যক্রম চালানো হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে এ জেলায় ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এরই মধ্যে ওই অর্থ দিয়ে ৮ হাজার ৬৪০টি কম্বল কিনে জেলার পাঁচ উপজেলার ৪৩টি ইউনিয়নে বিতরণ করা হয়েছে। পাশাপাশি আরও ৬৫ হাজার কম্বলের চাহিদাপত্র পাঠানো হয়েছে।