আইনগত ভিত্তি পর্যালোচনা এবং প্রক্রিয়া যাচাই-বাছাইয়ের পর বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ ক্ষেত্রে বাংলাদেশ একটি শক্ত অবস্থান নেবে বলেও জানান তিনি।
রোববার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। তিনি বলেন, “বাংলাদেশ একটি শক্ত অবস্থান নেবে। এই সিদ্ধান্তের পেছনে কী আইনি ভিত্তি রয়েছে, তা আমরা খতিয়ে দেখছি।”
তিনি আরও জানান, কোন প্রক্রিয়ায় বাংলাদেশ প্রতিক্রিয়া জানাবে, সে বিষয়েও যাচাই-বাছাই চলছে।
বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, “সেরকম জায়গায় আমাদেরও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি পর্যালোচনা করছি এবং প্রক্রিয়াটি যাচাই-বাছাই করছি। এরপর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”
তবে তিনি স্পষ্ট করে বলেন, “এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।”
রিজওয়ানা হাসান বলেন, “কোন যুক্তিতে মোস্তাফিজকে খেলতে মানা করা হচ্ছে, সেটি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। খেলার যুক্তিতে মানা করা হলে ভিন্ন বিষয় ছিল। কিন্তু যে যুক্তিতে মানা করা হয়েছে, তা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। সে কারণেই আমাদের একটি প্রতিক্রিয়া দেখাতে হচ্ছে।”
আইপিএল প্রসঙ্গে আইন উপদেষ্টার বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, আইনি ভিত্তি পর্যালোচনার পর কোন মাধ্যমে এবং কীভাবে সিদ্ধান্ত নেওয়া হবে, সে বিষয়ে সরকার চূড়ান্ত অবস্থান জানাবে।
এদিকে গণমাধ্যম ব্যবস্থার সংস্কার প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, দীর্ঘ প্রতীক্ষিত ‘সম্প্রচার নীতিমালা অধ্যাদেশ’ আগামী এক মাসের মধ্যেই পাস হতে যাচ্ছে। বর্তমান সরকারের আমলেই এই আইনি কাঠামো চূড়ান্ত করে তা কার্যকর করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।