ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। রোববার (৪ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র আটক করে নিয়ে যাওয়ার পর রাষ্ট্রীয় কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেয় আদালত। রায়ে সুপ্রিম কোর্ট উল্লেখ করে, প্রশাসনিক কার্যক্রম সচল রাখা এবং দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া জরুরি। একই সঙ্গে আদালত জানায়, প্রেসিডেন্টের অনুপস্থিতিতে রাষ্ট্র পরিচালনা, সার্বভৌমত্ব রক্ষা এবং আইনগত কাঠামো নির্ধারণের বিষয়ে আরও আলোচনা ও পর্যালোচনা করা হবে।
এই সিদ্ধান্তের মধ্য দিয়ে ভেনেজুয়েলায় আপাতত অন্তর্বর্তী নেতৃত্বের ব্যবস্থা কার্যকর হলো। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ডেলসি রদ্রিগেজ যদি যুক্তরাষ্ট্রের চাওয়া অনুযায়ী সহযোগিতা করেন, তাহলে ভেনেজুয়েলায় মার্কিন সেনা মোতায়েন করা হবে না। নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, রদ্রিগেজের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে এবং তিনি পরিস্থিতি বুঝতে পারছেন।
ট্রাম্প আরও দাবি করেন, ডেলসি রদ্রিগেজ ইতোমধ্যে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন। নিকোলাস মাদুরোকে আটকের পর দেশটির রাষ্ট্রক্ষমতা কার হাতে থাকবে—তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যে আলোচনা শুরু হয়েছে, এই ঘোষণার মধ্য দিয়ে সে বিষয়ে সাময়িক স্পষ্টতা এলো।