২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

0
78

২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলটির অধিনায়ক করা হয়েছে লিটন দাস। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপের দলে জায়গা হয়নি উইকেটকিপার-ব্যাটসম্যান জাকের আলী ও চলমান বিপিএলে ভালো ছন্দে থাকা নাজমুল হোসেনের।

সর্বশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে ছয়জন ক্রিকেটার এবার বাদ পড়েছেন। তবে আগের আসরের নয়জন ক্রিকেটার এবারের দলেও জায়গা ধরে রেখেছেন। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি এই দল ঘোষণা করে।

দল গঠনে ব্যাটসম্যান রাখা হয়েছে সাতজন, স্পিনার তিনজন এবং পেসার পাঁচজন। গত আসরের মতো এবারও দলে আছেন লিটন দাস, তানজিদ হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান, শরীফুল ইসলাম, মেহেদী হাসান, তাওহীদ হৃদয় ও মোস্তাফিজুর রহমান।

অন্যদিকে মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, তানভীর ইসলাম, জাকের আলী ও নাজমুল হোসেনের জায়গায় এবারের স্কোয়াডে যুক্ত হয়েছেন পারভেজ হোসেন, সাইফউদ্দিন, সাইফ হাসান, শামীম হোসেন, নুরুল হাসান ও নাসুম আহমেদ।

ঘোষিত বাংলাদেশ দল হলো— লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন ও শরীফুল ইসলাম।

আগামী ৭ ফেব্রুয়ারি ২০ দল নিয়ে শুরু হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের পরবর্তী তিনটি ম্যাচের দুটি হবে কলকাতায় এবং একটি মুম্বাইয়ে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি রয়েছে ইংল্যান্ড, ইতালি ও নেপাল।