ডামুড্যায় ব্যবসায়ী খোকন চন্দ্র দাস হত্যাকাণ্ডে তিন আসামি গ্রেপ্তার

0
50

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ব্যবসায়ী খোকন চন্দ্র দাসকে কুপিয়ে ও আগুন দিয়ে হত্যার ঘটনায় অবশেষে অগ্রগতি এসেছে। ঘটনার কয়েক দিনের মধ্যেই আলোচিত এই মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (৪ জানুয়ারি) সকালে র‍্যাব-১৪–এর একটি দল কিশোরগঞ্জ থেকে হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ডামুড্যা উপজেলার সোহাগ খান (২৭), রাব্বি মোল্যা (২১) ও পলাশ সরদার (২৫)।

র‍্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, গ্রেপ্তার আসামিদের কিশোরগঞ্জ থেকে মাদারীপুর র‍্যাব-৮ ক্যাম্পে আনা হচ্ছে। বিকেলে এক ব্রিফিংয়ের মাধ্যমে গ্রেপ্তারের বিস্তারিত তথ্য জানানো হবে।

উল্লেখ্য, গত বুধবার রাতে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় খোকন চন্দ্র দাসের ওপর হামলা চালানো হয়। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে এবং পরে তার গায়ে পেট্রলজাতীয় দ্রব্য ঢেলে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।