বিসিসিআইয়ের কাছে ব্যাখ্যা চেয়ে আইসিসিতে চিঠি দেবে বিসিবি

0
55

আইপিএলের নিলামে দল পাওয়ার পরও নজিরবিহীনভাবে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিদ্ধান্তকে স্বাভাবিকভাবে নেয়নি বোর্ড কর্তারা।

শনিবার (৩ জানুয়ারি) রাতে জরুরি বৈঠকে বসেন বিসিবির শীর্ষ কর্মকর্তারা। সেখানে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ভারতে বাংলাদেশ দলের অংশগ্রহণ ও নিরাপত্তা ইস্যু গুরুত্বসহকারে আলোচনা করা হয়। বোর্ডের একাধিক পরিচালক জানিয়েছেন, এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ৭ ফেব্রুয়ারি ভারতে শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের। বাংলাদেশের দল ২৫ জানুয়ারি ভারতে পৌঁছানোর সূচি রয়েছে। তবে মোস্তাফিজকে ঘিরে সাম্প্রতিক ঘটনায় খেলোয়াড়, কোচিং স্টাফসহ সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিসিবি কর্মকর্তারা। শুধু ক্রিকেটার নয়, তাদের পরিবার, বিসিবি কর্মকর্তা এবং বাংলাদেশ থেকে যাওয়া সংবাদকর্মীদের নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে আইসিসিকে চিঠি দেওয়া হবে, যা রোববার পাঠানো হতে পারে।

এদিকে মোস্তাফিজকে রাজনৈতিক কারণে বাদ দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে আইপিএল গভর্নিং কাউন্সিলের কাছেও ব্যাখ্যা চাইবে বিসিবি। কোনো ফ্র্যাঞ্চাইজি বা বোর্ডের এমন সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আছে কি না, তা স্পষ্ট করার আহ্বান জানানো হবে। একই সঙ্গে এই চিঠির অনুলিপি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকেও পাঠানো হবে।

মোস্তাফিজ ইস্যুতে বিসিসিআইয়ের ভূমিকা নিয়ে বাংলাদেশ সরকারও অসন্তোষ প্রকাশ করেছে বলে জানা গেছে। এ প্রেক্ষাপটে রোববার সরকারের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিসিবি। ওই বৈঠকে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার মতো বড় সিদ্ধান্তও আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে ইঙ্গিত মিলেছে।