ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান নিয়ে জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ

0
37

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বিবিসির খবরে বলা হয়, জাতিসংঘ মহাসচিবের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানান, এ ধরনের সামরিক পদক্ষেপ শুধু ভেনেজুয়েলার জন্য নয়, পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্যই বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।

বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলার অভ্যন্তরীণ পরিস্থিতি যেমনই হোক না কেন, অন্য একটি দেশের ভূখণ্ডে সামরিক অভিযান চালানো একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করে। মহাসচিব আবারও জোর দিয়ে বলেন, সব পক্ষেরই আন্তর্জাতিক আইন—বিশেষ করে জাতিসংঘ সনদের—পূর্ণ সম্মান নিশ্চিত করা জরুরি। তবে এই অভিযানে আন্তর্জাতিক আইনের বিধান মানা হয়নি বলে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।

গুতেরেস মানবাধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা রেখে ভেনেজুয়েলায় একটি ‘অন্তর্ভুক্তিমূলক সংলাপ’-এর আহ্বান জানান।

এদিকে কলম্বিয়ার অনুরোধে এবং রাশিয়া ও চীনের সমর্থনে আগামী সোমবার (৫ জানুয়ারি) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে। কয়েক মাস ধরে চলা সামরিক চাপ ও হুমকির পর শনিবার (৩ জানুয়ারি) ভোরে ভেনেজুয়েলায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। অভিযানের পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়।