গোলামীর জোট নয়, আজাদীর জোট বেছে নিয়েছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

0
27

বাংলাদেশকে সব ধরনের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরাধীনতা থেকে মুক্ত করার লড়াই ১১ দলীয় জোট অব্যাহত রাখবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনে জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (৫ জানুয়ারি) সকাল পৌনে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আজাদী পদযাত্রার আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দেশের সামনে দুটি পথ খোলা ছিল—আজাদীর জোট ও গোলামীর জোট। তিনি বলেন, যেখানে দেশের সংস্কৃতি, অর্থনীতি ও রাজনীতির ওপর পরাধীনতা চাপিয়ে দেওয়া হয়েছে, সেখানে লুটতরাজকারী ও অর্থ পাচারকারীরা জনগণের সঙ্গে অন্যায় করে আজ বিভিন্ন দপ্তরে মাথানত করছে। এমন বাস্তবতায় আসন্ন নির্বাচনে জনগণকে গোলামীর পক্ষে না গিয়ে আজাদীর পক্ষে দাঁড়াতে হবে। এ কারণেই ১১ দলীয় জোট আজাদীর জোটকে বেছে নিয়েছে এবং বাংলাদেশকে মুক্ত করার সংগ্রাম অব্যাহত রাখবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদির বিচার নিশ্চিত করা এবং তিনি যে আজাদীর লড়াই শুরু করেছিলেন তা সম্পন্ন করাই এখন তাদের প্রধান দায়িত্ব। ওসমান হাদির কবর জিয়ারতের পর তার আকাঙ্ক্ষা ধারণ করেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আজাদী যাত্রা নতুনভাবে শুরু করা হয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮ আসনের রমনা, শাহবাগ, মতিঝিল ও শাহজাহানপুরসহ সংশ্লিষ্ট এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম বা দখলদারিত্ব হলে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

আজাদী পদযাত্রা নিয়ে নির্বাচনি আচরণবিধি প্রসঙ্গে তিনি বলেন, ২১ জানুয়ারির আগে এ কর্মসূচিতে কোনো প্রতীক ব্যবহার বা ভোট চাওয়ার কার্যক্রম থাকবে না। আচরণবিধি প্রত্যাহারের পর নিয়ম মেনে নির্বাচনী প্রচারণা চালানো হবে।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনকে দলীয় দাসত্ব থেকে বেরিয়ে জনগণের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। অন্যথায় গণতান্ত্রিক সংগ্রাম আরও জোরদার হবে বলেও সতর্ক করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।