বিমান টিকিটে প্রতারণা ও যাত্রী হয়রানি বন্ধে দুই সংশোধন অধ্যাদেশ জারি

0
64

বিমান টিকিট বিক্রি নিয়ে প্রতারণা ও যাত্রী হয়রানি বন্ধে বেসামরিক বিমান চলাচল সংশোধন অধ্যাদেশ ২০২৬ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ ২০২৬ জারি করা হয়েছে। সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংশ্লিষ্ট উপদেষ্টা।

তিনি বলেন, অধ্যাদেশ দুটি কার্যকর হলে বিমান টিকিট বিক্রিতে দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম ও প্রতারণা বন্ধ হবে। অসাধু ট্রাভেল এজেন্সির মাধ্যমে গড়ে ওঠা সিন্ডিকেট ভাঙা সম্ভব হবে এবং যাত্রী হয়রানি উল্লেখযোগ্যভাবে কমবে। এ লক্ষ্যেই অধ্যাদেশে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার বিধান রাখা হয়েছে।

বিমানের ফ্লাইট ডাইভারশন প্রসঙ্গে উপদেষ্টা জানান, ঘন কুয়াশার কারণে পাশের দেশে ফ্লাইট ঘুরিয়ে নেওয়ার পরিস্থিতি এড়াতে কক্সবাজার বিমানবন্দরকে ক্যাটাগরি থ্রি-তে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান বলেন, সংশোধিত অধ্যাদেশ দুটি বাস্তবায়িত হলে বিমান পরিবহন ও ট্রাভেল ব্যবসায় শৃঙ্খলা, আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হবে। এতে বিমান টিকিটের ন্যায্যমূল্য নিশ্চিত হবে এবং অভিবাসী কর্মীসহ সাধারণ যাত্রীদের অধিকার সুরক্ষিত হবে। একই সঙ্গে পর্যটন খাতে সুশাসন প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক মান বজায় রাখা সহজ হবে।