‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর বিষয়ে দ্রুত সমাধানের আশ্বাস আইন উপদেষ্টার

0
43

রিমান্ডে নেওয়া আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর বিষয়ে খোঁজ নিয়ে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ আশ্বাস দেন। পোস্টে ড. আসিফ নজরুল লেখেন, ‘সুরভীর বিষয়ে খোঁজ নিয়েছি। ইনশাআল্লাহ সে দ্রুত প্রতিকার পাবে।’

এদিকে গাজীপুরের কালিয়াকৈর থানায় দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় তাহরিমা জান্নাত সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ড শুনানির সময় সুরভীর মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর গাজীপুরে নিজ বাসা থেকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হন আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী।