সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর সিদ্ধান্ত বাতিল করে আগের মুনাফার হার বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (৪ জানুয়ারি) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় সঞ্চয় স্কিমগুলোর জন্য ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যে মুনাফার হার কার্যকর ছিল, তা আগামী ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে। একই সঙ্গে গত ৩০ ডিসেম্বর জারি করা মুনাফা কমানোর প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে।
এর ফলে ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত যে হারে সঞ্চয়পত্রে বিনিয়োগকারীরা মুনাফা পেতেন, আগামী ছয় মাসও সেই হারেই মুনাফা প্রদান করা হবে। স্কিমের ধরন অনুযায়ী মুনাফার সর্বোচ্চ হার এখন ১১ দশমিক ৮২ শতাংশ থেকে ১১ দশমিক ৯৮ শতাংশ পর্যন্ত থাকবে।
এর আগে গত ৩০ ডিসেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে অনুযায়ী নতুন মুনাফার হার নির্ধারণ করা হয়েছিল ১০ দশমিক ৫৯ শতাংশ থেকে ৮ দশমিক ৭৪ শতাংশের মধ্যে। ওই প্রজ্ঞাপনে জাতীয় সঞ্চয় স্কিমের আওতাধীন পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র এবং পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট হিসাবের সুদের হার পুনর্নির্ধারণ করা হয়েছিল।
তবে তখনও অপরিবর্তিত রাখা হয়েছিল ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাব স্কিমের মুনাফার হার। নতুন সিদ্ধান্তের ফলে সঞ্চয়পত্রে বিনিয়োগকারীরা আগামী ছয় মাস আগের উচ্চ হারের মুনাফাই পাবেন।