একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

0
32

একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী ইউনূস আলী আকন্দ এ রিট আবেদন করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। চলতি সপ্তাহেই বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে।

এদিকে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাই কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। সোমবার থেকে রিটার্নিং কর্মকর্তার মনোনয়ন গ্রহণ বা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ শুরু করেছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে ১০টি বুথ স্থাপন করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের জন্য দেশকে ১০টি অঞ্চলে ভাগ করা হয়েছে এবং প্রার্থীদের নিজ নিজ অঞ্চলের নির্ধারিত বুথে আপিল জমা দিতে হচ্ছে। খুলনা অঞ্চলের জন্য নির্ধারিত ১ নম্বর বুথে মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলার আপিল গ্রহণ করা হচ্ছে। রাজশাহী অঞ্চলের ২ নম্বর বুথে জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলার প্রার্থীদের আপিল নেওয়া হচ্ছে।

রংপুর অঞ্চলের জন্য বুথ-৩ এ পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার আপিল গ্রহণ করা হচ্ছে। চট্টগ্রাম অঞ্চলের বুথ-৪ এ চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার প্রার্থীদের আপিল নেওয়া হচ্ছে।

কুমিল্লা অঞ্চলের বুথ-৫ এ ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর, সিলেট অঞ্চলের বুথ-৬ এ সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ এবং ঢাকা অঞ্চলের বুথ-৭ এ টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার আপিল গ্রহণ করা হচ্ছে।

এছাড়া ময়মনসিংহ অঞ্চলের বুথ-৮ এ জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা, বরিশাল অঞ্চলের বুথ-৯ এ বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর এবং ফরিদপুর অঞ্চলের বুথ-১০ এ রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার প্রার্থীদের আপিল গ্রহণ করা হচ্ছে।

আপিল দায়ের কার্যক্রম শেষে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনাররা দাখিল হওয়া আপিল নিষ্পত্তি করবেন। এই কার্যক্রম আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে।