মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল করলেন ডা. তাসনিম জারা

0
31

বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেতে ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে তিনি আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ আপিল দায়ের করেন।

এর আগে শনিবার (৩ জানুয়ারি) ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

আপিল দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডা. তাসনিম জারা বলেন,
‘আমি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। রিটার্নিং কর্মকর্তা সেটি বাতিল করেছেন। তার সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আজ নির্বাচন কমিশনে আপিল করেছি। আইনি লড়াই চালিয়ে যাব।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন পরিচালনা বিধিমালা ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী ১ শতাংশ ভোটারের সমর্থনের তালিকা আমরা জমা দিয়েছি, যা শতভাগ সঠিক। ভোটার তালিকা সংগ্রহের সময় নির্বাচন কমিশনের ওয়েবসাইট কার্যকর ছিল না। ফলে আমরা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারিনি সংশ্লিষ্ট স্বাক্ষরকারী ভোটার ঢাকা-৯ আসনের কিনা। যাদের স্বাক্ষর নিয়ে প্রশ্ন উঠেছে, তাদের জাতীয় পরিচয়পত্রে ভোটার এলাকা হিসেবে ঢাকা-৯ আসনই উল্লেখ ছিল। যাচাইয়ের সুযোগ না থাকায় এই জটিলতা তৈরি হয়েছে, যা আমরা এখন সমাধানের চেষ্টা করছি।’

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে সোমবার, যা চলবে আগামী শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত।

আপিল গ্রহণের জন্য আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে। প্রার্থী নিজে অথবা তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কিংবা সরকারি সেবাদানকারী সংস্থা এই সময়ের মধ্যে আপিল করতে পারবেন।