কুবি ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা: সভাপতি আবির, সেক্রেটারি সাইফুল

0
48

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সালের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এই নতুন কমিটিতে মোজাম্মেল হোসেন আবির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এবং সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক (সেক্রেটারি) হিসেবে মনোনীত হয়েছেন।

সোমবার (৫ জানুয়ারি) কুবি শাখা ছাত্রশিবিরের নবনির্বাচিত সভাপতি মোজাম্মেল হোসেন আবির নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, নতুন কমিটির সভাপতি মোজাম্মেল হোসেন আবির বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র।

সদ্য মনোনীত সেক্রেটারি সাইফুল ইসলাম বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি গতিশীল সংগঠন। বছরের শুরুতেই আমাদের সাংগঠনিক কাঠামো পরিবর্তন হয়ে থাকে। ২০২৬ সালের শুরুতে আমার ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা অনেক বড় আমানত। এই আমানত যেন যথাযথভাবে পালন করতে পারি সেজন্য সবার কাছে দোয়া প্রত্যাশী। ইসলামী ছাত্রশিবির সবসময়ই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে ছিল, সামনেও এই ধারা বজায় থাকবে ইনশাআল্লাহ।”

অন্যদিকে, সদ্য নির্বাচিত সভাপতি মোজাম্মেল হোসেন আবির বলেন, “ছাত্রশিবির একটি গতিশীল সংগঠন। প্রতি সেশনে সদস্যরা তাদের ভোটের মাধ্যমে দায়িত্বশীল নির্বাচন করেন। তারই ধারাবাহিকতায় এই সেশনের সেট আপ সম্পন্ন হয়েছে। দায়িত্বের এই আমানত যেন যথাযথভাবে পালন করতে পারি সেজন্য সবার দোয়া প্রত্যাশী। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি এই দায়িত্ব নিষ্ঠা ও ধৈর্যের সঙ্গে সুন্দরভাবে পালন করতে পারি।” তিনি আরও বলেন, “ছাত্রশিবির সবসময়ই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে এসেছে। সেই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, ক্যারিয়ারমুখী বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা সবসময় সক্রিয়ভাবে কাজ করে যাবে, ইনশাআল্লাহ।”

পূর্ণাঙ্গ কমিটি বিষয়ে তিনি জানান, সকলের পরামর্শের ভিত্তিতে দ্রুতই সেটি ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার এর আগের কমিটিতে হাফেজ মাজহারুল ইসলাম সভাপতি এবং বর্তমান সভাপতি মোজাম্মেল হোসেন আবির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।