‘জুলাই যোদ্ধা’ সুরভীর সঙ্গে ন্যায়বিচার হয়নি: নাহিদ ইসলাম

0
69

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, সদ্য কারামুক্ত ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর সঙ্গে ন্যায়বিচার হয়নি। সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে সুরভীর টঙ্গীর নিজ বাসায় তার সঙ্গে দেখা করতে এসে এবং পরিবারের খোঁজ খবর নেওয়ার পর তিনি সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন।

এসময় নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, “সুরভী যদি কোনো অন্যায়ও করে থাকতেন, তবুও দেশের একজন নাগরিক হিসেবে তার যে অধিকার প্রাপ্য ছিলো, সেটা তিনি পাননি। সুরভীকে যে মামলায় ফাঁসানো হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট।”

তিনি আরও বলেন, ৫ই আগস্টের পর কিছু কিছু মিডিয়া জুলাই যোদ্ধাদের চরিত্র হননের চেষ্টা করছে। তিনি মনে করেন, তাহরিমা জান্নাত সুরভীর ঘটনা এবং হবিগঞ্জে এক ছাত্র নেতাকে গ্রেপ্তারের ঘটনা একই সূত্রে গাঁথা। নাহিদ ইসলামের অভিযোগ, কিছু কিছু মিডিয়া জুলাই অভ্যুত্থানের কোনো নেতার বিরুদ্ধে কিছু পেলেই সত্য-মিথ্যা যাচাই না করে ঢালাওভাবে তা প্রচার করছে। তিনি মনে করেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে এটি একটি পরিকল্পিত চক্রান্ত। তিনি আওয়ামী লীগের দোসররা যেন তাদের দলে অনুপ্রবেশ করতে না পারে, সেজন্য দলের নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দেন।

তিনি দেশের সাংবাদিক ও মিডিয়া হাউজগুলোকে এ ধরনের পরিস্থিতিতে নিরপেক্ষ অবস্থান নেওয়ারও আহ্বান জানান।

জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর রিমান্ডের বিরুদ্ধে সরব প্রতিবাদ জানানো এবং জামিনে মুক্ত হওয়ার সঙ্গে সম্পৃক্ত গাজীপুর নাগরিক পার্টি, যুবশক্তি, ছাত্র শক্তি ও আইনজীবী ফোরামের সব সদস্যদের প্রতি তিনি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুর নাগরিক পার্টি, যুব শক্তি, ছাত্র শক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রেক্ষাপট: উল্লেখ্য, এর আগে গত ২৫ ডিসেম্বর গাজীপুরের নিজ বাসা থেকে চাঁদাবাজির অভিযোগে আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী গ্রেপ্তার হন। সোমবার (৫ জানুয়ারি) সুরভীর রিমান্ড মঞ্জুর ও কারামুক্তির ঘটনা ঘটে। ওইদিন কালিয়াকৈর থানার একটি মামলায় গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করলে ছাত্র-জনতার ব্যানারে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও স্লোগান শুরু হয়। পরে একই দিন বিকেলে সুরভীর আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালত-১ এ রিভিশন আবেদন করেন। বিচারক শুনানি শেষে রিমান্ডের আদেশ বাতিল করে জামিন আবেদন মঞ্জুর করেন। এরপর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে গাজীপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি কারামুক্ত হন।