ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী তহবিলে ২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা

0
32

বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের প্রার্থী এবং আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনী তহবিলে মাত্র ২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা জমা পড়েছে। গতকাল সোমবার রাতে তিনি নিজের ফেসবুক পেজের লাইভে এসে এই আর্থিক সহযোগিতার তথ্য নিশ্চিত করেন।

ফেসবুক লাইভে ব্যারিস্টার ফুয়াদ জানান, রোববার রাত থেকে সোমবার রাত পর্যন্ত এই ২৫ ঘণ্টার মধ্যে তার নির্বাচনী তহবিলে মোট ২১ লাখ ৯৫ হাজার টাকার মতো জমা হয়েছে। এর মধ্যে দুটি বিকাশ অ্যাকাউন্টে তিনি পেয়েছেন ১১ লাখ ২০ হাজার ৯৬৯ টাকা এবং একটি নগদ অ্যাকাউন্টে পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৬০৯ টাকা। এছাড়া তাঁর ব্যাংক হিসাবে জমা হয়েছে ৯ লাখ ৪৫ হাজার ৪৬৭ টাকা। অফলাইনে তার কার্যালয়ে গিয়ে একজন সাংবাদিক নির্বাচনী তহবিলের জন্য ২ হাজার টাকা দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা ও সতর্কতা:
আর্থিক সহায়তার জন্য ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ব্যারিস্টার ফুয়াদ একটি গুরুত্বপূর্ণ সতর্কতা দেন। তিনি বলেন, “আর্থিক সহায়তার জন্য আমি যে ভিডিওটি পোস্ট করেছি, সেটি অনেকে কপি করে অন্য পেজে পোস্ট করছেন। আমার নামে ফেক পেজ খুলে ভিডিও প্রচার করা হচ্ছে এবং সেখানে বিকাশ ও নগদ নম্বর পরিবর্তন করে প্রতারণা করা হচ্ছে। যাঁরা সহযোগিতা করতে চান, তাঁরা যেন অবশ্যই আমার নিজের ফেসবুক পেজ ও আইডিতে দেওয়া নম্বরে টাকা পাঠান।”

এবি পার্টির এই নেতা আরও জানান, নগদ, বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টে প্রাপ্ত অর্থের পূর্ণ হিসাব এবং কোন খাতে কীভাবে ব্যয় করা হচ্ছে, তা নিয়মিতভাবে জনসমক্ষে প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, এর আগে গত রোববার রাত সাড়ে ৯টার দিকে নির্বাচনী খরচ মেটাতে ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সহযোগিতা চেয়ে ব্যারিস্টার ফুয়াদ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন এবং ওই সময় তিনি নিজের বিকাশ নম্বর ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করেন।